শেয়ার বাজার

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ধানমন্ডি আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০নং রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিন বেকার ও আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

Dummy Ad 1

বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬

বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল-যশোর  মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হওয়ার পর বিপরীত দিক থেকে বেনাপোল আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


দুঃস্থ, অসহায়, পথচারী ও শ্রমজীবি মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন: উল্লাপাড়া ছাত্রলীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪

দুঃস্থ, অসহায়, পথচারী ও শ্রমজীবি মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন: উল্লাপাড়া ছাত্রলীগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুঃস্থ, অসহায়, পথচারী ও শ্রমজীবি মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। 

রবিবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা শফিকুল ইসলাম শফির অনুপ্রেরণায় ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম শক্তির উদ্যোগে প্রায় ৩ শতাধিক রোজাদারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শরিফুল সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ইফতার বিতরণ অনুষ্ঠানে শক্তি বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকা বাহী সংগঠন বাংলাদেশে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নিজ অর্থায়নে প্রতি বছরের ন্যায় এ বছরও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এ সময় তিনি আরও বলেন, কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ বয়ে আনুক সকলের জন্য শান্তি ও সম্প্রতি।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম পলাশ, দবির উদ্দিন, হাবিবুল্লাহ বেলালী শিশির, সুজন সরকার সহ ছাত্রলীগের আরো অনেকে।


বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৪

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।