শেয়ার বাজার

সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ২ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ৩০ জুন ২০২৪

সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ২ দিন

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে নিয়মিত বৃষ্টি হচ্ছে। দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণও বেড়েছে। আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী সোমবার ও মঙ্গলবার সারাদেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে তিনি বলেন, বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। আর শনিবার ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Dummy Ad 1

উপজেলা পরিষদ নির্বাচন
আগামী ৪ মে শুরু ভোটগ্রহণ, চলবে চার ধাপে

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী ৪ মে শুরু ভোটগ্রহণ, চলবে চার ধাপে

বার্তাবেলা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সারাদেশে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে তা শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়।

ইসি সচিব আরও জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে ইসিকে। সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এ নির্বাচন হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার চিন্তা করছে ইসি।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্পসংখ্যক ছাড়া প্রায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী হবে।


২৬৩ সাংবাদিকের জন্য ২ কোটি ৩ লাখ টাকা অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

২৬৩ সাংবাদিকের জন্য ২ কোটি ৩ লাখ টাকা অনুমোদন

বার্তাবেলা ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২৬৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের অনুকূলে বিতরণের জন্য ২ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দিয়েছে সরকার। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে এ কল্যাণ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ সংক্রান্ত অনুমোদনের নথিতে স্বাক্ষর করেন। শিগগিরই সাংবাদিকদের এ কল্যাণ অনুদানের চেক বিতরণ করা হবে। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে চলতি অর্থবছরে প্রথম পর্যায়ে ২৩৬ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের অনুকূলে ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

প্রতিষ্ঠার পর ২০১৫-১৬ অর্থবছর থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দুস্থ, অস্বচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিকদের এবং মৃত সাংবাদিকদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা/কল্যাণ অনুদান দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ট্রাস্ট থেকে ৩ হাজার ৯৩২ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের অনুকূলে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।


হেমন্ত সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরামের মিলনমেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬

হেমন্ত সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরামের মিলনমেলা

"গান, কবিতা, নাটিকা ও পিঠাপুলির আয়োজনে ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের প্রাণবন্ত পুনর্মিলন"

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

গান, কবিতা, নাটিকা আর প্রাণবন্ত আড্ডায় ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হলো ‘হেমন্ত সন্ধ্যা’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা। পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে আয়োজনটি পরিণত হয় এক আন্তরিক পুনর্মিলন উৎসবে।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এবং সামাইরা গ্রুপের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলামসহ কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।


কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খান বলেন, “কুমিল্লার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পেশাগত ব্যস্ততার বাইরে সবাইকে একত্রিত করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার হবে বলে আশা করি।”


ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন জসিম বলেন, “সাংবাদিকদের নিয়ে একটি আনন্দঘন ও আন্তরিক মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা ও ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”


জ্যেষ্ঠ সাংবাদিক এম. এস. দোহা বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। পেশাগত মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ক দৃঢ় করার সুযোগ তৈরি করে।”


অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিক মহিন উদ্দিন স্বপন বলেন, “দৈনন্দিন পেশাগত ব্যস্ততার মধ্যে সহকর্মী ও সহযোদ্ধাদের সঙ্গে এমন আন্তরিক পরিবেশে মিলিত হতে পারা আনন্দের। ‘হেমন্ত সন্ধ্যা’ আমাদের মধ্যে স্মৃতিচারণ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ।”


আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নাটিকা প্রদর্শনী। এসব সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পাশাপাশি কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন অতিথিদের বাড়তি আকর্ষণ জোগায়। চিতই পিঠা ও হাঁসের মাংসের আপ্যায়নের পাশাপাশি চা-কফির আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।


অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতে, সাংবাদিকতার পথচলায় মত ও পথের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও পেশাগত সংহতি অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


দৈনন্দিন পেশাগত ব্যস্ততা পেরিয়ে প্রিয় সহকর্মী, বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ, স্মৃতিচারণ এবং প্রাণখোলা আড্ডায় সন্ধ্যাটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়। সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক আতিথেয়তায় ‘হেমন্ত সন্ধ্যা’ ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার এক স্মরণীয় উপলক্ষ হয়ে ওঠে।