শেয়ার বাজার

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ভারত থেকে  ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী। 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল (হরিদাসপুর) ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—১। যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের বক্কার শেখের মেয়ে টুম্পা বেগম,২। নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আলী আহাম্মদের মেয়ে সাবিনা বেগম,৩। নড়াইলের কালিয়া উপজেলার শুকত গ্রামের নুরুজ্জামানের মেয়ে নূর বানু,৪। কুমিল্লা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল মুনাফের মেয়ে হালিমা,৫। ফরিদপুরের সাঁথিয়া উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মফিজুর মিয়ার মেয়ে তন্নী আক্তার,৬। কুমিল্লার হোমনা উপজেলার দরী ভাসানিয়া গ্রামের আলী আসগরের মেয়ে আফরিন আক্তার,৭। যশোরের অভয়নগর উপজেলার ভূগলহাট গ্রামের আসাদুল সরদারের মেয়ে জান্নাতি,৮। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের কাশেম মিয়ার মেয়ে সামিয়া আক্তার শান্তা,৯। খুলনার তেরখাদা উপজেলার দক্ষিণ মোকামপুর গ্রামের শহিদুল শেখের মেয়ে শিরিনা খাতুন এবং১০। নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের আমির হোসেন মোল্লার মেয়ে সুমি খাতুন।

এ সময় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল ও বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

তাদের বরাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, 

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন, হরিদাসপুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপ-হাইকমিশন, নয়াদিল্লি থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ২৭ অক্টোবর ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দশজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান সাইফুর।

তিনি বলেন, “থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোরের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিনিধিরা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

Dummy Ad 1

মানববন্ধনের পর হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানববন্ধনের পর হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ভ্যানচালক মো. বাশার গাজী হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে স্থানীয় এলাকাবাসী ও নিহতদের পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। এরপর বিক্ষুব্ধরা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় গ্রেফতার ৩ আসামি কাউসার মোল্লা, মো.শামীম শেখ ও রাজনের বাড়িঘরে কয়েক দফা হামলা ও ভাঙচুর চালান।

হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে মানববন্ধনে বক্তারা বাশার গাজী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরে কর্মসূচি শেষে একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় প্রথমে গ্রেফতার আসামি কাউসার মোল্লার দুটি বসতঘরে ভাঙচুর চালায়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের তৈলখিলা এলাকায় গ্রেফতার অপর দুই আসামি শামীম শেখ ও মো. রাজনের বাড়িঘরেও ভাঙচুর করা হয়।

বার্তাবেলা নিউজকে বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিবিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে টঙ্গীবাড়ীর মামুদাদপুরে নিজ বাড়িতে অটোভ্যান চালক বাশার গাজীকে হত্যা করা হয় বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। পরে তার মরদেহ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে জানায় পিবিআই।

এ ঘটনার পর মুন্সিগঞ্জ পিবিআইয়ের একই টিম ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে, এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শামীম শেখ, রাজন ও কাউসার মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গ্রেফতার তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৫২৮

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৫২৮

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৭ হাজার ৯৯৫ পিস ইয়াবা, ৪ কেজি ২৩০ গ্রাম গাঁজা ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এসব গ্রেফতার ও জব্দ করা হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৫২৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ১১০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন। এছাড়া, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫১ জন, পরোয়ানা মূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৩৯ জনকে। এর মধ্যে মাদক বহনকারী দুজন ও মাদক সেবনকারী ১৩৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৭৯ জন।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে ২৮টি মাদক মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


চৌদ্দগ্রামে কেছকিমুড়া আব্দুল আজিজ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল আজম বাবু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে কেছকিমুড়া আব্দুল আজিজ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল আজম বাবু

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন কেছকিমুড়া আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদনে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ,ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুল আজম বাবু

নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তৌহিদুল আজম বাবু বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”

উল্লেখ্য, চৌদ্দগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রম চলমান রয়েছে। 

নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।