‘অবৈধ’ জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও সংঘাতের আওতায় আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের জোরাজুরি সামুদ্রিক দুর্ঘটনা ও সংঘাতের ঘটনা বাড়িয়ে তুলছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনীকে বুঝতে হবে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোও সংঘাতের আওতায় চলে আসবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।
এর আগে আইআরজিসি জানিয়েছিল, উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কাজে যুক্ত চারটি জাহাজে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ সমুদ্রে পাতা মাইনে আঘাত পেয়েছে বলে দাবি করেছে ইরান।
তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য কিংবা ক্ষয়ক্ষতির স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে চলতি বছর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পাকিস্তানের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
তবে ২০২৭ সালে অঞ্চলটির অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে সংস্থাটি আশা করছে।
সূত্র: আল-জাজিরা










